নিজস্ব প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজা উপত্যকা পুরোপুরি সামরিকভাবে দখলের পরিকল্পনা থেকে সরে আসার জন্য ইসরায়েলের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। তিনি বলেছেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে এবং ফিলিস্তিনি জনগণের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে।
আজ শুক্রবার (৮ আগস্ট) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে টুর্ক বলেন, “গাজা উপত্যকার পূর্ণ সামরিক দখল আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নির্দেশনার সম্পূর্ণ পরিপন্থী। আদালত ইতোমধ্যে ইসরায়েলকে এই দখল যত দ্রুত সম্ভব শেষ করতে বলেছে।”
টুর্ক আরও বলেন, “আমাদের কাছে এখন পর্যন্ত যেসব তথ্য রয়েছে, তা বলছে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজার জনগণ আরও বেশি বাস্তুচ্যুতি, প্রাণহানি, ধ্বংস ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, এ ধরনের আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি সতর্ক করে বলেন, “এই সংঘাত বাড়তে থাকলে তা কেবল ফিলিস্তিনি জনগণ নয়, পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে। এখন প্রয়োজন যুদ্ধ নয়, বরং শান্তি ও মানবিকতার পথে ফিরে যাওয়া।”
জাতিসংঘের মানবাধিকারপ্রধান বলেন, “ইসরায়েল সরকারের উচিত গাজায় যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনা বাদ দিয়ে অবিলম্বে মানবিক সহায়তার পূর্ণ ও নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করা। স্থানীয় জনগণের জীবন রক্ষাকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”
তিনি গাজার জনগণের দুর্দশা লাঘবে অবরোধ শিথিল করার পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার পথ উন্মুক্ত করার আহ্বান জানান।
এ সময় তিনি গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক সব ইসরায়েলি জিম্মিকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। একইসঙ্গে ইসরায়েলের কারাগারে আটক থাকা ফিলিস্তিনি নাগরিকদের মানবিক বিবেচনায় মুক্তি দেওয়ারও আহ্বান জানান তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি.
