২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাম্প্রতিক খবর

দারিদ্র্য সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ৮ ঘন্টা আগে

সংবাদ সারাক্ষণ ডেস্ক:

বহুমাত্রিক দারিদ্র্য সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে বহুমাত্রিক দারিদ্র্যের হার ১৪ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে ভারতে এ হার ১৬ দশমিক ৪ শতাংশ এবং পাকিস্তানে ৩৮ দশমিক ৩ শতাংশ।

ইউএনডিপির ২০২৬ সালের গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইনডেক্সের প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর দারিদ্র্য পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, বহুমাত্রিক দারিদ্র্যের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর তুলনায় এগিয়ে রয়েছে বাংলাদেশ।প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানে প্রতি ১০০ জন মানুষের মধ্যে প্রায় ৩৮ জন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার।

ভারতে এই সংখ্যা ১৬ জনের মতো। বিপরীতে বাংলাদেশে প্রতি ১০০ জনে প্রায় ১৫ জন এ ধরনের দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। আর ৬৪ দশমিক ৯ শতাংশ দারিদ্র্যের হার নিয়ে তালিকার সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে আফগানিস্তান।এদিকে বিশ্বব্যাপী দারিদ্র্য পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। এতে উল্লেখ করা হয়, বর্তমানে বিশ্বের প্রায় ১২০ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছেন।