বাণিজ্য ডেস্ক:
যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন গমের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার।বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গম আমদানির প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে, জিটুজি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে প্রাথমিকভাবে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কেনা হবে। প্রয়োজনে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত আরও ১০ শতাংশ গম আমদানির সুযোগও রাখা হয়েছে। গম সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। প্রতি মেট্রিক টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। সব মিলিয়ে এ আমদানিতে সরকারের ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। সেই হিসাবে প্রতি কেজি গমের ক্রয়মূল্য দাঁড়াবে ৪৩ টাকা ৩৮ পয়সা।
অন্যদিকে, একই বৈঠকে খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে ৫৩০ কোটি টাকার বেশি ব্যয়ে একটি নির্মাণকাজের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।স্থানীয় সরকার বিভাগের প্রস্তাব অনুযায়ী, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২)’-এর আওতায় কাজটি সম্পন্ন করা হবে।প্রকল্পের অংশ হিসেবে পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ, ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ) স্থাপন, মিটারসহ গ্রাহক সংযোগ তৈরি এবং খুলনা ওয়াসার বিদ্যমান এলাকায় ৬৩টি ডিএমএর সংস্কার করা হবে।
এ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুই বছর প্রকল্পের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে।এ কাজ বাস্তবায়নের জন্য চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ফার্স্ট মেটালার্জিক্যাল গ্রুপ কোম্পানি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। নির্মাণকাজটির মূল চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩০ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৩৬৫ টাকা ৮০ পয়সা।
