২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাম্প্রতিক খবর

বাংলাদেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ১০ ঘন্টা আগে

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর প্রচলিত শুল্কের অতিরিক্ত সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে কিছু নির্দিষ্ট পণ্যকে প্রস্তাবিত এই শুল্কের বাইরে রাখার কথাও বিবেচনা করা হয়েছে।শিল্প খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বজায় রাখা এবং উৎপাদন অব্যাহত রাখার অভিযোগে বাংলাদেশসহ ১৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইউএসটিআর জানায়, যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে তদন্ত পরিচালনার পর ১৪টি অর্থনীতির উৎপাদন খাতসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও চর্চাকে অযৌক্তিক হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের বাণিজ্যে বাধা সৃষ্টি করছে কিংবা বাণিজ্য সীমিত করছে বলে মনে করছে ওয়াশিংটন। এ পরিস্থিতিতে আইনের ৩০১(বি) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।তদন্তের আওতায় থাকা দেশ ও অর্থনীতিগুলো হচ্ছে—চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত। তবে মেক্সিকো ও নরওয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি যুক্তরাষ্ট্র। প্রতিটি দেশ ও অর্থনীতির বিষয়ে পৃথক প্রতিবেদনও প্রকাশ করেছে ইউএসটিআর।

বাংলাদেশের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রবাংলাদেশের বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ইউএসটিআর উল্লেখ করেছে, উৎপাদন খাতের সম্প্রসারণ এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলোর উৎপাদন সক্ষমতা বজায় রাখতে দেশটির বিভিন্ন শিল্প পরিকল্পনা রয়েছে। উৎপাদন ও রপ্তানি বাড়াতে প্রণোদনা প্রদান, শ্রমিকদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি অনুসরণ এবং বাজারভিত্তিক নয় এমন অর্থনীতি থেকে আমদানি ও সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় ব্যর্থতাকে বাংলাদেশের অযৌক্তিক নীতি ও চর্চা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

ইউএসটিআরের ভাষ্য অনুযায়ী, এসব নীতি ও কর্মকাণ্ডের ফলে বাংলাদেশসহ তৃতীয় দেশের বাজারে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের ব্যবসায়িক সুযোগ সংকুচিত হচ্ছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান এবং বিনিয়োগও ক্ষতির মুখে পড়ছে।প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বাজারভিত্তিক নয় এমন অর্থনীতি থেকে আমদানি করা কাঁচামাল ও উপকরণের ওপর নির্ভরশীলতা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক ও পোশাকসামগ্রী খাতে এ বিষয়টির প্রভাব বেশি বলে উল্লেখ করেছে ইউএসটিআর। বাংলাদেশের এসব কর্মকাণ্ড, নীতি ও চর্চা বন্ধে দেশটি থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

তবে আগে থেকেই কার্যকর থাকা ৩০১ ধারার শুল্ক বাদ দিয়ে নতুন এই শুল্কহার নির্ধারণের কথা বলা হয়েছে। পাশাপাশি কিছু নির্দিষ্ট পণ্যকে প্রস্তাবিত শুল্কের আওতার বাইরে রাখার প্রস্তাবও রয়েছে।ইউএসটিআর জানিয়েছে, এই প্রস্তাব প্রণয়নের সময় আগে থেকে কার্যকর ৩০১ ও ২৩২ ধারার শুল্ক, তদন্তের বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সঙ্গে চলমান আলোচনা এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত বিভিন্ন প্রতিশ্রুতিও বিবেচনায় নেওয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসনের বক্তব্যএ বিষয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের অনেক বাণিজ্যিক অংশীদার এমন শিল্পনীতি অনুসরণ করে আসছে, যার মধ্যে উৎপাদন খাতকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা, মজুরি ও শ্রমিক অধিকার সীমিত রাখা, আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান, বাজারভিত্তিক নয় এমন অর্থনীতির উপকরণ ব্যবহার এবং বাজারব্যবস্থা বিকৃত করে এমন বিভিন্ন চর্চা অন্তর্ভুক্ত রয়েছে।তার মতে, এসব পদক্ষেপের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলো নিজেদের অনুকূলে বাণিজ্য ভারসাম্য তৈরি করেছে।

অন্যদিকে এর ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তি দুর্বল হয়ে পড়েছে।গ্রিয়ার আরও বলেন, ২০১৬ সাল থেকে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, শি জিনপিং ও ইমানুয়েল মাখোঁর মতো বিশ্বনেতারা কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদনকে বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি হিসেবে স্বীকৃতি দিয়ে আসছেন। কিন্তু জি-৭, জি-২০, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এ পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।তিনি জানান, এসব অন্যায্য কর্মকাণ্ড, নীতি ও চর্চা বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করছেন। এর ফলে মার্কিন শ্রমিকদের জন্য প্রতিযোগিতায় সমান সুযোগ তৈরি হবে এবং বিশ্ব অর্থনীতির জন্য আরও টেকসই বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

  • গণতান্ত্রিক বাংলাদেশ