রমজানে মেট্রোরেলে ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন যাত্রীরা

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

রমজান মাসে মেট্রোরেলে ইফতারের সুবিধার্থে যাত্রীরা ২৫০ মিলিলিটার পরিমাণ পানি বহন করতে পারবেন বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোজার সময় মেট্রো স্টেশন ও ট্রেনে ইফতার উপলক্ষে পানি পান করা যাবে, তবে প্রতিটি যাত্রীর জন্য অনুমোদিত পরিমাণ সর্বোচ্চ ২৫০ মিলিলিটার। পানি বহন করতে হলে নিশ্চিত করতে হবে যে, তা যাতে কোথাও ছড়িয়ে না পড়ে। ব্যবহৃত বোতল নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে।

তবে প্ল্যাটফর্ম, স্টেশন ও ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

রমজান মাসে মেট্রোরেলের সময়সূচি অপরিবর্তিত থাকবে। উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে যাবে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ৩০ মিনিটে ছেড়ে যাবে এবং রাত ৯টা ৪০ মিনিটে সর্বশেষ ট্রেন চলবে।

এই সময়সূচি রমজান মাসজুড়ে কার্যকর থাকবে এবং ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এভাবেই চলবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।