২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাম্প্রতিক খবর

সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে অসুস্থ, প্রাণ গেল পর্যটকের।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ২১ ঘন্টা আগে

সাংবাদ সারাক্ষণ ডেস্ক:

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে চিংড়ি মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, খাবারের সময় চিংড়ি মাছ খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি।নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে খাবার খাচ্ছিলেন ইব্রাহিম। এ সময় চিংড়ি মাছ খাওয়ার পর হঠাৎ অস্থিরতা দেখা দেয় এবং শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে দ্রুত তাকে দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান জানান, ইব্রাহিমকে হাসপাতালে আনার পর তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিরা চিকিৎসকদের জানান, আগে থেকেই অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল তার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে টেকনাফে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।এরপর বিকেল ৩টার দিকে স্পিডবোটে করে ইব্রাহিমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৪টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ইব্রাহিমের বন্ধু মো. শিয়াম জানান, তিন বন্ধু মিলে সেন্টমার্টিনে ঘুরতে গিয়েছিলেন তারা। তবে আনন্দভ্রমণ শেষে বন্ধুর মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হবে, এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা কখনো ভাবেননি।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, ভ্রমণে এসে একজন পর্যটকের এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সংবাদ সারাক্ষণ/এসজেএস

  • পর্যটন