২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাম্প্রতিক খবর

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ৯ ঘন্টা আগে

সংবাদ সারাক্ষণ ডেস্ক:

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমানভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের মসজিদগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য আর্থিক ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় সেবাকর্মী ভাতা পাবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বিমানভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মসজিদে নিয়োজিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার পরিকল্পনাও প্রধানমন্ত্রীর সদিচ্ছার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং আলেম-ওলামাদের কল্যাণে সরকার নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। হজযাত্রীদের ব্যয় কমানোর পাশাপাশি ধর্মীয় অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করতেও সরকার কাজ করছে। মসজিদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের ভাতা দেওয়া হলে তাদের আর্থিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেম-ওলামাদের জাতীয় শান্তি, স্থিতিশীলতা ও সামগ্রিক কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান ধর্মমন্ত্রী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।

মাহফিলে বক্তব্য ও বয়ান পেশ করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ দেশের বিভিন্ন এলাকার বিশিষ্ট আলেমরা। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ সারাক্ষণ/এসজেএস