রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকে তিনি তার সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন।সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সেনাপ্রধান প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এবং পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সেনাপ্রধান তার চীন সফরকালে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকগুলোর অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেনাবাহিনীর করণীয় বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় সেনাপ্রধান আশ্বস্ত করেন যে, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সহযোগিতা করবে।

এছাড়া তিনি সেনাবাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।উল্লেখ্য, গত ২১ আগস্ট সরকারি সফরে চীন যান সেনাপ্রধান এবং ২৭ আগস্ট রাতে দেশে ফেরেন। সফরে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ চীনের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে আলোচনাও হয়।