মানসম্মত পরিসংখ্যান উন্নয়নের মেরুদণ্ড: প্রধান উপদেষ্টা

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সঠিক ও মানসম্মত পরিসংখ্যানের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে রোববার (১৯ অক্টোবর) দেয়া এক বাণীতে তিনি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এবছর ২০ অক্টোবর ২০২৫ তারিখে একযোগে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হচ্ছে, যা সত্যিই আনন্দের।

এবারের প্রতিপাদ্য— ‘ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিসটিক্সস এন্ড ডাটা ফর এভরিওয়ান’— বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।”ড. ইউনূস বলেন, “সঠিক ও মানসম্মত পরিসংখ্যান কেবল নীতি ও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রেই নয়, বরং এসব পরিকল্পনার বাস্তবায়ন ও মূল্যায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”তিনি আরও জানান, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে বিশ্বমানের সংস্থা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন সংস্কার ও আধুনিকায়নমূলক পদক্ষেপ নিয়েছে।

এসব উদ্যোগ বাস্তবায়িত হলে উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ প্রক্রিয়া আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।প্রধান উপদেষ্টা বিশ্বাস প্রকাশ করে বলেন, “উপাত্তের সর্বজনীন প্রাপ্যতা ও মানসম্মত পরিসংখ্যান ব্যবহারের মাধ্যমে দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে এবং উন্নয়ন হবে অধিক জনমুখী।”তিনি আরও বলেন, দেশের নীতিনির্ধারক, সিদ্ধান্ত গ্রহণকারী, গবেষক, পরিকল্পনাবিদ, পরিসংখ্যানবিদ ও তথ্য ব্যবহারকারীদের সম্মিলিত প্রয়াসে “সবার জন্য মানসম্মত পরিসংখ্যান ও উপাত্ত” নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।সবশেষে ড. ইউনূস বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।