২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাম্প্রতিক খবর

কারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু; লাশ দেখানো হলো কাশিমপুরে।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

সংবাদ সারাক্ষণ ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী শারমিন সুলতানার প্রতিবন্ধী ছেলে মারা গেছে। মায়ের শেষবারের মতো মুখ দেখানোর জন্য শনিবার দুপুরে সন্তানের মরদেহ নেওয়া হয় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে। সেখানে কারাবন্দী মা শেষবারের মতো ছেলের মুখ দেখেন।মারা যাওয়া শিশুটির নাম নিস্বর্গ হোসেন তূর্য। তার বয়স ছিল ১৫ বছর।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিন সুলতানার সন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু শনিবার দুপুরে প্রথম আলোকে জানান, দুপুর ১২টার দিকে কারাগারের ফটকে তাঁর স্ত্রীকে সন্তানের মরদেহ দেখানো হয়েছে। শেষবারের মতো ছেলের মুখ দেখার পর তাঁরা কাশিমপুর থেকে ফিরে যাচ্ছেন।এর আগে বেলা ১১টার দিকে শাহাদাৎ হোসেন জানিয়েছিলেন, দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয় বলে তাঁকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তাঁকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য না থাকায় কারাগারের ফটকেই শেষবারের মতো সন্তানকে দেখানোর ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া হলে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া ডিসেম্বর পর্যন্ত কারাগারে আটক কোনো আসামিকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে বলেও তাঁকে জানানো হয়।এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বেলা ১১টার পর প্রথম আলোকে বলেন, শারমিন সুলতানা ও শাহাদাৎ হোসেনের সন্তান মারা গেছে। শিশুটি প্রতিবন্ধী ছিল। শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য তাঁদের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল।

তিনি জানান, বিধি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করে কারাগারের ফটকে প্রায় দুই মিনিটের জন্য সন্তানকে দেখানোর ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় এ ব্যবস্থা করা হয়েছে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শারমিন সুলতানার আগে দেওয়া একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁকে সন্তানের অসুস্থতার কথা তুলে ধরে মুক্তির আকুতি জানাতে দেখা যায়।ভিডিওতে শারমিন সুলতানাকে বলতে শোনা যায়, ‘আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা–বাবা ছাড়া দেখার কেউ নেই। আমাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে। আমি অপরাধী হলে বাসায় থাকতাম না।’এ ছাড়া ভিডিওতে তাঁর আরও কয়েকটি খণ্ডিত বক্তব্য রয়েছে।

অন্যদিকে মারা যাওয়া কিশোর নিস্বর্গ হোসেন তূর্যের একটি পুরোনো বক্তব্যের ভিডিওও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার মা পুরোপুরি নিরপরাধ। সংবিধান বলে কিছু থেকে থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।’উল্লেখ্য, গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে শারমিন সুলতানাকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি শারমিন সুলতানা শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন বলে গোপন তথ্য পায় পুলিশ। পরে লালবাগ থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, শারমিন সুলতানা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

  • আইন আদালত
  • আওয়ামীলীগ
  • রাজনীতি