গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জাতীয় পার্টির কার্যক্রম প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করতে হবে। হাসিনার মতো তাদেরও দেশ থেকে হটাতে হবে। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, নইলে সচিবালয় ঘেরাও করে তাকে টেনে-হিঁচড়ে নামানো হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
রাশেদ আরও বলেন, নূরের ওপর হামলাকারী পুলিশ ও সেনা সদস্যদের বিচার করতে হবে, কারণ তারা আওয়ামী দোসর। গ্রেফতার না করলে সেনাপ্রধানও দায় এড়াতে পারবেন না। ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও স্বরাষ্ট্র উপদেষ্টা একজনকেও গ্রেফতার করতে পারেননি।
তিনি অভিযোগ করেন, ভারত জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর ষড়যন্ত্র করছে। বাংলাদেশের বিষয়ে ভবিষ্যতে দেশটিকে নাক গলাতে দেওয়া হবে না।
এর আগে নুরুল হক নূরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই সংহতি সমাবেশের আয়োজন করা হয়। এতে জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার, তাদের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়। পাশাপাশি ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করা হয়। এ সমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৩০টি রাজনৈতিক দলের নেতারা যোগ দেন।
