ছেলেকে পুলিশে দিয়ে বিএনপি নেতার ফেসবুকে পোস্ট।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও মাকে কুপিয়ে আহত করার অভিযোগে নাফিজ ফয়সাল আকাশ (২৫) নামের এক যুবককে থানায় সোপর্দ করেছেন তার বাবা। নাফিজ ফয়সাল আকাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশার ছেলে।ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর আবুল মুনছুর আহম্মেদ পাশা নিজের ফেসবুক পেজে একটি আবেগপূর্ণ পোস্ট দিয়েছেন। শনিবার (১৭ মে) বিকেল ৫টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে আকাশকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাত ৮টায় হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় আকাশকে পুলিশের হাতে তুলে দেন তার বাবা।থানা সূত্রে জানা গেছে, উল্লাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করতেন আকাশ। এর প্রতিবাদ করায় শুক্রবার জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে তার স্ত্রী আর্জিনা খাতুনকে কুপিয়ে আহত করেন তিনি। এ সময় স্ত্রীকে বাঁচাতে গেলে জাহাঙ্গীরকেও পিটিয়ে আহত করেন আকাশ। আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আর্জিনা খাতুনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপরই আকাশকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।আকাশের বাবা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা ফেসবুকে লিখেছেন, ‘আমি আপসহীন নেত্রীর কর্মী, কোনো অন্যায়ের সঙ্গে আপস করতে জানি না। আমার বুকের পাঁজর ফেটে গেলেও সামান্য রাগের বশবর্তী হয়ে একটু মারামারিকে কেন্দ্র করে আমার নিজের একমাত্র ছেলে, কলিজার টুকরাকে আমি নিজেই পুলিশের হাতে তুলে দিলাম। আল্লাহ ভরসা।’ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, আকাশকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। চাকু মারার ঘটনায় অভিযোগ পেলে মামলা দায়ের করে আকাশকে ওই মামলায় শোন অ্যারেস্ট দেখানো হবে।

এফএ/এমএস