নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এই কর্মপরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে।
সচিব আখতার আহমেদ আরও বলেন, রোডম্যাপের সব কার্যক্রম ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। রোডম্যাপে ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনী আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, রাজনৈতিক সংলাপ, প্রশিক্ষণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রমের সময়সূচি অন্তর্ভুক্ত থাকবে।
অন্যদিকে, আসন পুনর্নির্ধারণ নিয়ে চার দিনের শুনানি শেষ হয়েছে বুধবার। এতে ৩৩ জেলার ৮৪টি আসনকে ঘিরে মোট ১ হাজার ৮৯৩টি দাবি ও আপত্তি জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি ছিল খসড়া প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি ছিল সমর্থনে।
