চীনে যাচ্ছেন এনসিপির আট নেতা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে
সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তারা ঢাকা থেকে রওনা হয়ে চার দিনের সফর শেষে আগামী ৩০ আগস্ট দেশে ফিরবেন।দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন—সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

নাহিদ ইসলাম জানান, সফরকালে তারা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং এ সফরের মাধ্যমে দুই দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।প্রসঙ্গত, গত ২১ আগস্ট ঢাকায় চীনা দূতাবাসে এনসিপি নেতাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।উল্লেখ্য, এর আগে জুন মাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জুলাই মাসে জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে পৃথক দুটি প্রতিনিধি দল চীন সফর করে। এবার চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এনসিপি নেতারা বেইজিং যাচ্ছেন।