প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করা হয়েছে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করেছে সরকার। এর ফলে দেশের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষককে বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে।সোমবার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়।

সম্প্রতি ১২৪/২০২২ নম্বর সিভিল রিভিউ পিটিশনে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন ১১তম থেকে দশম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেটিকে সরকার যৌক্তিক বিবেচনা করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা পোষণ করছিলেন, তা বাস্তবায়িত হলো।

এই পদক্ষেপ তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে এবং সামাজিক মর্যাদা আরও সুদৃঢ় করবে। ফলে তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সৃজনশীল ও উদ্দীপ্তভাবে কাজ করতে সক্ষম হবেন। এতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও কার্যকর শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে।সরকার প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করে তাদের প্রতি দায়িত্ব ও সম্মান প্রদর্শনের একটি নিদর্শন স্থাপন করেছে।

এই পদক্ষেপ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সরকার বিশ্বাস করে। প্রধান শিক্ষকরা অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন—এটাই সরকারের প্রত্যাশা।