বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ভারত থেকে ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সম্প্রতি ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করার পরিকল্পনা অনুমোদন করেছে।
বিপিসি’র কর্মকর্তারা জানিয়েছেন, এই ডিজেল ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আমদানি করা হবে। এর জন্য খরচ হবে প্রায় ১,১৩৭ কোটি টাকা। বর্তমানে বাংলাদেশে বার্ষিক পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭৪ লাখ মেট্রিক টন, যার মধ্যে ৪৬ লাখ টন ডিজেল। বিপুল পরিমাণ ডিজেলের প্রায় ৮০ শতাংশ সরাসরি আমদানি করা হয়, বাকিটা আসে স্থানীয় শোধনাগার থেকে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ভারতীয় রিফাইনারি প্রতিষ্ঠান এনআরএল থেকে ট্রেনে করে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে আসছে বাংলাদেশ। এর পাশাপাশি সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছ থেকে ৫০ হাজার টন অ-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্তও নিয়েছে।
সম্প্রতি সীমান্ত ইস্যুতে উত্তেজনার মধ্যেও এই ধরনের আমদানি কার্যক্রম দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দেয়।
