নিজস্ব প্রতিনিধি:
সাম্প্রতিক অগ্নিকাণ্ডে যদি নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ নেবে। অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে অস্থিতিশীল করার কোনো সুযোগ দেওয়া হবে না।
শনিবার (১৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ দেখা দিয়েছে, তা সম্পর্কে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে অবগত। নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
প্রেস উইং আরও জানায়, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই—যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় আতঙ্ক বা বিভাজন ছড়ানো, তবে তারা সফল হবে কেবল তখনই, যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দেব।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় পার করেছে। আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রায় যেকোনো হুমকির মোকাবিলা করব। ভয় পাওয়ার কিছু নেই।”
