নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত বরিশালের আনসার ও ভিডিপি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ ফেব্রুয়ারি) বরিশাল শহরের বেলস্ পার্কে আয়োজিত এ সমাবেশে বরিশাল জেলার ৮৩৩ ভোট কেন্দ্রে মোট ১০৮২৯ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা সমাবেশে অংশ গ্রহন করেন।

প্রতিটি কেন্দ্র ১৩ জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। বরিশালে নির্বানী প্রস্তুতি সমাবেশ ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন, নির্বাচন একটি রাষ্ট্রীয় দায়িত্ব ও আমানত। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত বা ব্যক্তিগত প্রভাব নির্বাচন প্রক্রিয়ায় স্থান পাবে না। দায়িত্ব পালনের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-এর মাধ্যমে রিপোর্ট করার নির্দেশনাও প্রদান করা হয়।

আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষিত জনবল মোতায়েনের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সমাবেশে বক্তব্য দেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ। তিনি প্যারেড পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বলেন আসন্ন নির্বাচনে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা ও মাঠপর্যায়ের সুসংগঠিত প্রস্তুতির মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের করণীয় স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় সতর্কতা, ধৈর্য ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। প্রথমবারের মতো ডাটাবেজভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। যা সারাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে পাঁচ লাখ ৬০ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। বরিশাল জেলার প্রতিটি ভোটকেন্দ্রেও নির্ধারিত সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন। তারা নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণ করে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম, বরিশাল আনসার ব্যাটালিয়ন (২২ বিএন) অধিনায়ক মোঃ হাসান আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং ভাতা ভোগী আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।