নিজস্ব প্রতিনিধি:
আগামী শুক্রবার, ৮ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের জনসমাবেশ, মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও তার পার্শ্ববর্তী এলাকায় (যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকা) যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এটি ৮ আগস্ট শুক্রবার থেকে কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ১০ মে একই এলাকাগুলোতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি।
