কর্মসূচি প্রত্যাহার করেছে ইবতেদায়ি শিক্ষকরা, কী আশ্বাস পেলেন!

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ২ years ago

ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা তাদের দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক জানিয়েছেন, মন্ত্রণালয় শিক্ষকদের ছয় দফা দাবির বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব বলেন, ইবতেদায়ি শিক্ষকদের দাবিগুলো মন্ত্রণালয় গ্রহণ করেছে এবং বিষয়টি নিয়ে কাজ চলছে। পাশাপাশি আরও কিছু বিষয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে, দুপুর দুইটার দিকে ইবতেদায়ি মাদরাসার জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দল সচিবালয়ে যায়। দীর্ঘ আলোচনা শেষে মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হলে শিক্ষকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন।

গত রোববার, জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীন ইবতেদায়ি মাদরাসার জাতীয়করণের দাবি ও ছয় দফা বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান নেয় শিক্ষক ঐক্যজোট। তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে পদযাত্রার ঘোষণা দিয়েছিলেন। তবে শাহবাগে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এবং জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে কয়েকজন শিক্ষক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন বলে দাবি করা হয়।

পরবর্তীতে, শিক্ষকদের পক্ষ থেকে শাহবাগ ও টিএসসি সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি চালানো হয়। তবে, মন্ত্রণালয়ের আশ্বাসে শেষ পর্যন্ত এই আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।