নিজস্ব প্রতিনিধি:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এদের মধ্যে একজন পিআরএল (অবসরোত্তর ছুটি) অবস্থায় ছিলেন। এছাড়া মেজর জেনারেল কবীর আহাম্মদ নামের একজন কর্মকর্তা ৯ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন।শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেস-১ এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এই তথ্য জানান।
তিনি বলেন, “আমরা মোট ১৬ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম। এর মধ্যে ১৫ জন হেফাজতে এসেছেন।”মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বর্তমান ও সাবেক ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, “হেফাজতে থাকা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হস্তান্তরের বিষয়ে আইনগত ব্যাখ্যা পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী ২২ অক্টোবরের মধ্যে অভিযুক্তদের আদালতে হাজির করতে হবে। এর আগেই আমরা ব্যাখ্যা পেয়ে যাব বলে আশা করছি।”তিনি আরও বলেন, “সেনাবাহিনী ট্রাইব্যুনালকে সর্বোচ্চ সহযোগিতা করছে।”
