জিআই পণ্যের স্বীকৃতি পেল টাঙ্গাইলের ‘জামুর্কীর সন্দেশ’।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ঐতিহ্যবাহী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীর সন্দেশ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে।গত বুধবার (৩০ এপ্রিল), বিশ্ব মেধা সম্পদ দিবস উদযাপন উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সনদ প্রদান করা হয়। এই স্বীকৃতিতে সন্দেশ প্রস্তুতকারক ও স্থানীয় জনগণ আনন্দিত। অনুষ্ঠানে প্রধান অতিথি, শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের নিকট থেকে সন্দেশের জিআই নিবন্ধন সনদ গ্রহণ করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মির্জাপুর উপজেলার জামুর্কীতে সর্বপ্রথম সন্দেশের ব্যবসা শুরু করেন কালিদাস নামক এক ব্যক্তি। এই সন্দেশ স্থানীয়ভাবে ‘কালিদাসের সন্দেশ’ নামে পরিচিতি লাভ করে। উন্নত গুণগত মান বজায় রাখায় এই সন্দেশের খ্যাতি দেশের সীমা ছাড়িয়ে ভারত, এমনকি কলকাতা সহ সমগ্র উপমহাদেশে ছড়িয়ে পড়ে। প্রায় এক শতাব্দী ধরে এই সন্দেশ সকল স্তরের মানুষের আস্থা অর্জন করেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে জামুর্কী এলাকায় এই সন্দেশের দোকান অবস্থিত। মহাসড়কের সন্নিকটে হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সহজেই এই বিশেষ স্বাদের সন্দেশ ক্রয় করতে পারেন।কালিদাসের সন্দেশের বর্তমান তত্ত্বাবধানে রয়েছেন কালিদাসের নাতি সমর সাহা। এর পূর্বে তার পিতা এই দোকান পরিচালনা করতেন। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় সন্দেশ ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। পাকুল্যা গ্রামের বাসিন্দা তপন কুমার শেঠ বলেন, “আমাদের এলাকার পণ্য জিআই স্বীকৃতি পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এই স্বীকৃতির জন্য আমরা বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞ।”মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম জানান, মির্জাপুরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে সরকার স্বীকৃতি প্রদান করেছে। এটি এই অঞ্চলের জন্য একটি বিশাল অর্জন। এই প্রসঙ্গে জেলা প্রশাসক শরীফা হক বলেন, “আমাদের আবেদনের প্রেক্ষিতে এই জিআই সনদ প্রদান করা হয়েছে।”