ভারতের হামলায় পাকিস্তানে নিহত ৭০: এনডিটিভি

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদক:

ভারতের হামলায় পাকিস্তানে অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। তারা সূত্রের বরাত দিয়ে এই তথ্যটি প্রকাশ করেছে।
এর আগে, পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান যে, ভারত ছয়টি ভিন্ন স্থানে ২৪টি স্থাপনায় বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।
অন্যদিকে, ভারত সরকার দাবি করেছে যে তারা নয়টি স্থানে হামলা করেছে এবং কোনো পরিস্থিতিতেই পাকিস্তানের সামরিক ঘাঁটি তাদের লক্ষ্য ছিল না।


পহেলগামের ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ভারত পাকিস্তানের ভেতরে এই হামলা চালায়। তবে পাকিস্তান দাবি করেছে যে এই সময়ে তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। গুতেরেস আরও সতর্ক করে বলেছেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। তিনি নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের এই সামরিক অভিযান নিয়ে তার উদ্বেগের কথা জানান।