ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো।প্রেভো তার পোস্টে লিখেছেন, “জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

”তিনি আরও জানান, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এর মধ্যে রয়েছে দখলকৃত ফিলিস্তিনি ভূমি থেকে পণ্য আমদানি বন্ধ এবং ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা।গাজাসহ ফিলিস্তিনে চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন বেলজিয়ামের এই মন্ত্রী।

এর আগে জুলাই মাসের শেষ দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও ঘোষণা দিয়েছিলেন যে, তার দেশ আসন্ন জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। আগামী ৯ থেকে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।ম্যাক্রোঁর ঘোষণার পর আরও কয়েকটি দেশ একই পথে হাঁটার কথা জানিয়েছে। যদিও কিছু দেশ জানিয়েছে, তারা স্বীকৃতি দেওয়ার আগে কিছু শর্ত আরোপের পরিকল্পনা করছে।

২০২৫ সালের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা মোট সদস্যের প্রায় ৭৫ শতাংশ।এমন সময়ে বেলজিয়ামের এ ঘোষণা এলো, যখন গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং আরও প্রায় এক লাখ ৬০ হাজার ২৫৬ জন আহত হয়েছে।