যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বাংলাদেশে তাদের সব প্রকল্প ও কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই স্থগিতাদেশ এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের ফলে, যা বৈদেশিক সহায়তার নীতি পুনর্গঠনের নির্দেশনা দেয়।
নির্বাহী আদেশে বিভিন্ন দেশে ইউএসএআইডি পরিচালিত প্রকল্পের অতিরিক্ত খরচ কমানোর এবং নতুন সহায়তা কার্যক্রম শুরু না করার নির্দেশনা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বৈশ্বিক পর্যায়ে ইউএসএআইডি পরিচালিত প্রায় সব প্রকল্পের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্তে একমত হয়েছে।
শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক মিশনে একটি বার্তা পাঠিয়েছেন, যা বৈদেশিক সহায়তার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর ফলে বৈশ্বিক কর্মসূচির জন্য বরাদ্দ করা কোটি কোটি ডলারের তহবিল ঝুঁকির মুখে পড়েছে।
ট্রাম্প তার নির্বাহী আদেশে উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান বৈদেশিক সহায়তা কাঠামো অনেক ক্ষেত্রেই আমেরিকার স্বার্থ এবং মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে এই স্থগিতাদেশের আওতায় পড়া কিছু স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ইউএসএআইডি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, চলমান “ডিইআইএ (DEIA)” প্রকল্পসহ অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে। এর ফলে বাংলাদেশের মতো দেশগুলোতে ইউএসএআইডি’র উন্নয়ন প্রকল্পগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে।
কূটনৈতিক মহল মনে করছে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা নীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করে, যা ভবিষ্যতে উন্নয়ন সহায়তার ধরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
