নিজস্ব প্রতিনিধি:
মার্কিন বিমানবাহিনীর প্রধান চিফ অব স্টাফ জেনারেল ডেভিড অলভিন হঠাৎ করেই সোমবার অবসরের ঘোষণা দিয়েছেন। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
এক বিবৃতিতে অলভিন বলেন, “২৩তম এয়ার ফোর্স চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য বিমানবাহিনী মন্ত্রী ট্রয় ই. মিঙ্ক, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই।” তিনি আরও জানান, সম্ভবত আগামী ১ নভেম্বর তিনি অবসর নেবেন।
অলভিনের এ সিদ্ধান্তকে অনেকেই অপ্রত্যাশিত মনে করছেন। কারণ, দায়িত্ব নেওয়ার মাত্র দুই বছরের মাথায় তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। সাধারণত মার্কিন বিমানবাহিনী প্রধানরা চার বছরের জন্য দায়িত্ব পালন করে থাকেন।
তিনি স্বেচ্ছায় অবসর নিচ্ছেন নাকি পেন্টাগনের নির্দেশে পদত্যাগ করছেন—এ বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পিট হেগসেথ একাধিক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন। তাদের মধ্যে ছিলেন জয়েন্ট চিফ অব স্টাফ, মার্কিন নৌবাহিনী প্রধানসহ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিচারপতিরা।
