নিজস্ব প্রতিনিধি:
ভূমধ্যসাগরের ইতালীয় উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। বুধবার (১৩ আগস্ট) ইতালির দক্ষিণাঞ্চলের লাম্পেদুসা দ্বীপের উপকূলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে এবং নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।
এখন পর্যন্ত ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারী। তারা বর্তমানে লাম্পেদুসায় আশ্রয় নিয়েছেন।জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, দুর্ঘটনাকবলিত নৌকাদ্বয়ে প্রায় ৯৫ জন যাত্রী ছিলেন। সে অনুযায়ী এখনও ৩৫ জন নিখোঁজ, যাদের জীবিত থাকার সম্ভাবনা খুবই কম।আইওএম মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমোর মতে, নৌকাগুলো লিবিয়া থেকে ইউরোপগামী অভিবাসীদের বহন করছিল।
যাত্রাপথে একটি নৌকায় পানি ঢুকে পড়লে আতঙ্কিত যাত্রীরা অন্য নৌকায় উঠতে শুরু করেন। পরে খারাপ আবহাওয়ার কবলে পড়ে সেই নৌকাটিও ডুবে যায়।ইতালির রেড ক্রস জানিয়েছে, উদ্ধার হওয়া অধিকাংশ যাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে গুরুতর আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ইতালির বর্তমান সরকার অভিবাসন ইস্যুতে কঠোর নীতি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বে মানবপাচার রোধে কড়াকড়ি আইন কার্যকর এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করা হয়েছে।জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চল পাড়ি দিতে গিয়ে অন্তত ৬৭৫ অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।
সূত্র: আল জাজিরা
