নিজস্ব প্রতিনিধি:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “পিআর পদ্ধতি কী, তা কি সাধারণ মানুষ জানে? পিআর তো নারিকেল তেলের মতো মাথায় মাখা যায় না বা সাবানের মতো গায়ে ব্যবহার করা যায় না—এটা জনগণ বোঝে না। পিআর-এর কোনো বাস্তব উদাহরণ নেই। জনগণ শুধু চায় তাদের ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হোক।
”শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, “বিএনপি কখনো সংস্কারের বিরোধিতা করেনি। প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার নির্বাচন আয়োজন করতে পারে। এরপর যে দল ক্ষমতায় আসবে, তারা বাকি সংস্কার করবে। কিন্তু কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে।
এর পেছনের কারণ আমরা স্পষ্টই বুঝতে পারছি।”তিনি আরও বলেন, “আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, একটি গণতান্ত্রিক সমাজ গড়তে চাই। এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে। এসব প্রতিশ্রুতি নিয়েই আমরা নতুন করে দেশ পুনর্গঠন করতে চাই।”নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “সাবধান থাকতে হবে—আওয়ামী লীগের যারা আগে পদে ছিল, যারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, তারা যেন দলে ঢুকতে না পারে। যারা টেন্ডারবাজি করেছে, অন্যের সম্পদ দখল করেছে, কিংবা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছিল, তাদেরও দলে স্থান দেওয়া যাবে না।
”অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকনসহ আরও অনেকে।
