নেতানিয়াহুসহ ৩৭ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরসহ মোট ৩৭ জন ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে এই পরোয়ানা জারি করা হয়।শুক্রবার (৮ নভেম্বর) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।তুর্কি দৈনিক দৈনিক সাবাহ জানিয়েছে, গাজায় ইসরাইলের হামলার সময় সংঘটিত যুদ্ধাপরাধ ও নৃশংসতার অভিযোগে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ইসরাইলি রাজনৈতিক ও সামরিক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ৬৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি হত্যার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, তুর্কি সংবাদমাধ্যম তুর্কিটুডে জানিয়েছে, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত গণহত্যার অভিযোগে ইস্তাম্বুলের প্রসিকিউটর অফিস এই পদক্ষেপ নিয়েছে।প্রসিকিউটর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই পরোয়ানা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির, সীমান্ত ও নিরাপত্তামন্ত্রী ইয়াল জামির এবং নৌবাহিনীর কমান্ডার ডেভিড সার সালামাসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে জারি হয়েছে।তুর্কি তদন্তকারীরা জানান, ২০২৩ সালের অক্টোবর মাসের বেশ কিছু ঘটনার উল্লেখ করা হয়েছে অভিযোগে। এর মধ্যে রয়েছে—১৭ অক্টোবর আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতাল এবং ২১ অক্টোবর এবলি ব্যাপটিস্ট হাসপাতালের ওপর ইসরাইলি হামলা, যেখানে অসংখ্য সাধারণ মানুষ হতাহত হন।

তদন্তকারীরা আরও জানান, ২০২৪ সালের ১ এপ্রিল ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের মানবিক কর্মীদের হত্যাকাণ্ডও এই তদন্তের অন্তর্ভুক্ত। ওই ঘটনায় মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় একাধিক কর্মী নিহত ও আহত হন।প্রসিকিউটররা আরও উল্লেখ করেছেন, ‘সুমুদ ফ্লোটিলা’ সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছিল—গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা সত্ত্বেও ইসরাইলি বাহিনী তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করেছে।