কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ পাবে : বিমান উপদেষ্টা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। তদন্ত শেষে খুব শিগগিরই সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, তুরস্ক থেকে আসা আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্তে সহায়তা করেছেন। আজ তারা নিজ দেশে ফিরে গেছেন, তবে আগামী দু-তিন দিনের মধ্যেই তাদের প্রাথমিক প্রতিবেদন পাওয়া যাবে।বিমান উপদেষ্টা আরও বলেন, তুর্কি বিশেষজ্ঞ দলের প্রতিবেদন মূল নয়, সরকারের নিজস্ব তদন্ত প্রতিবেদনই হবে চূড়ান্ত। শিগগিরই সেই প্রতিবেদন প্রকাশ করা হবে।তিনি আশ্বাস দেন, বর্তমানে বিকল্প উপায়ে আমদানি পণ্য খালাসের কাজ চলছে এবং খুব দ্রুতই কার্গো ভিলেজের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে।