চাঁদপুরের মতলব উত্তরে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আটক ব্যক্তিরা হলেন মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের আবুল হাসেমের ছেলে মো. হেলাল, মোহাম্মদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন, একই গ্রামের শামসুল হক দর্জির ছেলে নজরুল ইসলাম, মনির হোসেনের ছেলে মো. আকাশ, এবং কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামের আব্দুল হালিম সরকারের ছেলে মো. নিরব। তল্লাশি করে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ থেকে দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল) উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গজরা ইউনিয়নের ডুবগী গ্রামে পাম্প হাউজের সেচ ক্যানেলের খালের জায়গায় বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তারা সেখানে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং দেশীয় অস্ত্র নিয়ে হুমকি দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগণ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
গজরা ইউনিয়নের স্থানীয়রা জানান, এই খালে পানি উন্নয়ন বোর্ডের টেন্ডারের মাধ্যমে খনন কাজ চলছে। এলাকাবাসী ও ঠিকাদার যৌথভাবে মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানের জায়গা ভরাটের জন্য বালু উত্তোলন করছেন। আটক ব্যক্তিরা চাঁদা দাবি করলে স্থানীয়রা তাদের ধরে ফেলে।
ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানিয়েছেন, সমন্বয়কের পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি করলে তার দায়ভার কেউ নেবে না। আইনের ঊর্ধ্বে কেউ নয়, অপরাধ করলে শাস্তি পেতেই হবে।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানিয়েছেন, তাদের বিরুদ্ধে শুক্রবার সকালে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
