নিজস্ব প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে এ তথ্য জানান। তিনি বলেন, “আপনারা জানেন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ জন্মদিন। তিনি কোনো আনুষ্ঠানিকতা পালন করেন না, তবে দলীয় উদ্যোগে সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।”
ডা. জাহিদ হোসেন আরও জানান, বিকেলে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার জন্য ফুলের তোড়া পাঠান, যা তার কর্মকর্তারা গুলশানের বাসভবনে পৌঁছে দেন। প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম বিকেল ৪টায় গুলশানের ‘ফিরোজা’য় এসে চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের হাতে ফুলের তোড়া তুলে দেন।
এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকাস্থ চীনা দূতাবাস থেকেও চীনা রাষ্ট্রদূতের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্মদিনে ফুলের তোড়া পাঠানো হয়।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তিনি আজ ৮১ বছরে পদার্পণ করেছেন।
