পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই : সিইসি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। পিআর পদ্ধতিতে ভোট করতে হলে সংবিধান ও আরপিও পরিবর্তন করতে হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “প্রধান উপদেষ্টাও বিভিন্ন স্থানে নির্বাচনের সময় হিসেবে ফেব্রুয়ারির কথা উল্লেখ করেছেন। তাই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই। ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি চলছে।”

এনসিপির শাপলা প্রতীক দাবি প্রসঙ্গে তিনি বলেন, “শাপলা প্রতীক সবার আগে নাগরিক ঐক্য চেয়েছিল, কিন্তু তাদের দেওয়া হয়নি। পরে এনসিপিও এ প্রতীক চায়। তাই কাউকেই শাপলা প্রতীক দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “শাপলা প্রতীক না দিলে নির্বাচন হবে না—এনসিপি নেতা সারজিস আলমের এমন বক্তব্যকে আমি হুমকি মনে করি না। রাজনীতিবিদরা অনেক কিছুই বলেন। আমরা শুনব, কিন্তু আমাদের কাজ চালিয়ে যাব।”

একজন সম্পাদকের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “সব খেলোয়াড় যদি মাঠে নামে শুধু ফাউল করার জন্য, তাহলে খেলা পণ্ড হওয়া ছাড়া উপায় থাকে না। তাই কেউ যেন ফাউল না করে, সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। আশা করি সবাই ভালো নিয়তে নির্বাচনে অংশ নেবেন।”

নির্বাচনী পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “১৯৯১, ১৯৯৬, ২০০৮ সালের নির্বাচনেও ভোটের আগে নানা ধরনের গোলমাল হয়েছিল। তবে নির্বাচনের সময় এলে সব ঠিক হয়ে যায় বলে আমার বিশ্বাস।”