অপকর্ম করলে কেউই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা।

লেখক: অপকর্ম, আওয়ামীলীগ, স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: ১২ মাস আগে


নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের সব কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটি যদি কোনো ধরনের অপকর্মে লিপ্ত হতে চায়, তাহলে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পাঁচ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার বিষয়ে তিনি বলেন, “আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা যেভাবে সহযোগিতা করছেন, তাতে আমরা আত্মবিশ্বাসী যে, কোনো অঘটন ঘটবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আওয়ামী লীগের গোপন কার্যক্রমে সেনাবাহিনীর একজন কর্মকর্তা জড়িত থাকার বিষয়টিও নজরে এসেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “যে বাহিনীর সদস্যই হোক না কেন, কেউ যদি অবৈধ বা অপকর্মে জড়িত থাকে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সকলকে আইনের আওতায় আনা হবে।”

আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ চালানো সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা একটি তদন্তের বিষয়। তদন্ত করলে সব কিছু জানা যাবে।”

সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সত্য ঘটনাগুলো তুলে ধরেন। সত্য প্রকাশ হলে জনগণ সঠিক তথ্য পায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি ঘটে।”