মৎস্য আহরণের সঠিক ব্যবস্থা নিতে গবেষণা বাড়ানো প্রয়োজন: প্রধান উপদেষ্টা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

উপকূলীয় অঞ্চলের সম্পদ টেকসইভাবে ব্যবহারের জন্য সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে সঠিকভাবে মৎস্য আহরণের কার্যক্রম নিতে হবে, আর এজন্য গবেষণা বাড়ানো জরুরি।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধান উপদেষ্টা বলেন, মাছ প্রকৃতির উপহার, আল্লাহর দান। কিন্তু আমরা প্রকৃতির প্রতি অত্যন্ত নির্দয় আচরণ করছি। যদি এভাবে চলতে থাকে তবে একদিন মাছ বিলীন হয়ে যেতে পারে।

আমরা নদী শাসনের কথা বলি, কিন্তু নদী পালনের কথা বলি না—যার ফলে আরও ক্ষতি হচ্ছে।তিনি আরও বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে, তবে আমরা তা এখনও পুরোপুরি কাজে লাগাতে পারিনি। তাই এ বিষয়ে আমাদের উদ্যোগী হতে হবে। মাছের সম্ভাবনা যেমন প্রচুর, দুর্ভাবনাও তেমনি প্রচুর। এজন্য প্রকৃতির প্রতি সদয় হওয়ার আহ্বান জানান তিনি।অবৈধ জাল ব্যবহারে মৎস্য আহরণ উদ্বেগজনক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা নদীতে বর্জ্য ফেলছি, ফলে পানিও দূষিত হচ্ছে।

এছাড়া নিষিদ্ধ কীটনাশক ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মৎস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব থেকে মুক্তি পেতে টেকসই পদ্ধতি আবিষ্কার করা জরুরি।অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রপ্তানি বাড়াতেও উদ্যোগ নিতে হবে। এজন্য সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।