নির্ধারিত পশু হাটের গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্ধারিত কোরবানির পশুর হাটের উদ্দেশ্যে রওনা হওয়া গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৯ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন।উপদেষ্টা বলেন, “ঈদুল আজহার সময় সাধারণত আমাদের কোরবানির গরুর হাটগুলোতে শৃঙ্খলার অভাব দেখা যায়। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে আসা কোরবানির পশু বা গরুর গাড়িগুলোর সামনে নির্দিষ্ট হাটের তথ্য থাকতে হবে। তারা যেখানে-সেখানে গরু নামাতে পারবে না। রাস্তায় গরু না নামিয়ে নির্ধারিত স্থানে নামাতে হবে।” জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, “নিরাপত্তার স্বার্থে প্রতিটি হাটে আনসার রাখতে হবে। কিছু হাটে ৭৫ জন করে, আবার কিছু হাটে কম-বেশি আনসার থাকতে পারে।”উপদেষ্টা আরও বলেন, “নিরাপত্তার পাশাপাশি হাটে গরুর চিকিৎসক থাকতে হবে। কোনোভাবেই যেন অসুস্থ গরু বিক্রি না হয়।” তিনি বলেন, “অনেক সময় গরুর আঘাতে মানুষ আহত হন, তাই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখতে হবে। এ বছর শতকরা ৫ টাকা হাসিল নেওয়া হলেও, আগামী বছর থেকে ১০০ টাকায় ৪ টাকা হারে নিতে হবে।” তিনি আরও বলেন, “ঈদের পাঁচ দিন আগে থেকে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে এবং ঈদের পর তিন দিন চলাচল বন্ধ থাকবে। এটি কোনো অবস্থায় রাতে চলাচল করতে পারবে না।”উপদেষ্টা আরও বলেন, “ঈদ সামনে রেখে কোনো বাস, ট্রেন, নৌযানে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। একই নিয়ম পশু আনা-নেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।” তিনি বলেন, “মানুষের বিভিন্ন দাবি থাকবেই। আমরা আহ্বান জানাবো, সব মন্ত্রণালয় যেন যৌক্তিক দাবি মেনে নেয়। তবে কেউ যেন অযৌক্তিক দাবি না করে, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর সবাই যেন তাদের নিজ নিজ কমপ্লেক্সের মধ্যে দাবির জন্য দাঁড়ায়। রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি যেন তারা সৃষ্টি না করে।” ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।