নিজস্ব প্রতিনিধি:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পাকিস্তানি গণমাধ্যম ডন এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, শহরের ব্যস্ত সড়কে আধা-সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদরদপ্তরের কাছে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গুলির শব্দও শোনা যায় বলে জানানো হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, যাত্রীবাহী ও ব্যক্তিগত গাড়ি চলাচলের সময় মোড় ঘেঁষে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের ভবনের কাচ ভেঙে যায়। স্থানীয় গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বিস্ফোরণের ধাক্কায় কাছাকাছি থাকা একটি বাসের যাত্রী ও পথচারীরা গুরুতর আহত হন।পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ভারত-সমর্থিত সন্ত্রাসী সংগঠন ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ এই আত্মঘাতী হামলা চালিয়েছে। প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়, সংগঠনটি আসলে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না।এদিকে বেলুচিস্তান প্রাদেশিক সরকার জানিয়েছে, বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে হত্যা করেছে।
