নিজস্ব প্রতিনিধি:
ভুল অভিযোগে গ্রেপ্তার করে দীর্ঘদিন কারাগারে আটকে রাখার পর মৃত্যুবরণকারী এক ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন জাপানের পুলিশ ও কৌঁসুলিরা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।২০২০ সালে অবৈধভাবে বিদেশে স্প্রে ড্রায়ার মেশিন রপ্তানির অভিযোগে সিজো আইসামা নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়।
এই মেশিন তরল পদার্থকে গুঁড়োতে রূপান্তরিত করতে সক্ষম, যা সামরিক ব্যবহারের জন্যও কাজে লাগতে পারে।তবে আইসামার কোম্পানি ওহকাওয়ারা কাকোহকি শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে জানায়, তাদের পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। তা সত্ত্বেও আইসামাকে কারাগারে রাখা হয়।২০২১ সালের ফেব্রুয়ারিতে কারাগারে বন্দি অবস্থায় খাদ্যনালীর ক্যানসারে মারা যান তিনি।
আটবার জামিনের আবেদন করলেও একবারও তা অনুমোদন দেওয়া হয়নি। মৃত্যুর পাঁচ মাস পর তার বিরুদ্ধে আনা অভিযোগ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়।এই অন্যায় আটক ও জামিন না দেওয়ার ঘটনার জন্য পরবর্তীতে পুলিশ ও আদালতের কৌঁসুলিরা আইসামার কবরে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন।
