ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন।
ট্রাম্পের ভাষ্যমতে, আগামী ছয় ঘণ্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে এবং উভয় দেশ তাদের সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই ঘোষণাটি আঞ্চলিক উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে, ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়নি।
ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতকে ‘১২ দিনের যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন যে ২৪ ঘণ্টা পূর্ণ হলে এটি আনুষ্ঠানিকভাবে শেষ হবে। তিনি আরও উল্লেখ করেন, এই যুদ্ধ ‘বছরের পর বছর ধরে চলতে পারতো এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারতো’, কিন্তু তা হয়নি এবং কখনো হবে না।
হামলার কারণ ও প্রতিক্রিয়া
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, ইরানের হামলা বন্ধ করার শর্তে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর আগে সোমবার (২৩ জুন) বিকেলে কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরান ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধস্বরূপ কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলায় আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, এই হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। কাতার আন্তর্জাতিক আইনের আওতায় সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে। তবে, ইরান এক বিবৃতিতে জানিয়েছে যে, এই হামলা ভ্রাতৃপ্রতিম কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয়, বরং আবাসিক এলাকা থেকে দূরের মার্কিন ঘাঁটিতে চালানো হয়েছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি