ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ!

লেখক: আলোক
প্রকাশ: ১ বছর আগে

দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, রাজধানী বেলগ্রেডে শিক্ষার্থীরা আন্দোলনের অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন।

সোমবার (২৭ জানুয়ারি) শিক্ষার্থীদের এ অবরোধে যোগ দেন কৃষকরাও। তারা ট্রাক্টর নিয়ে আন্দোলনে অংশ নেন এবং রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অচল করে দেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ভুকেভিকের ওপর পদত্যাগের চাপ বাড়ে, যা শেষমেশ তাকে পদত্যাগে বাধ্য করে।

এর আগে, ১৫ নভেম্বর নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে পড়ে, যাতে ১৫ জন নিহত হন। এই ঘটনায় দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তাদের দাবি ছিল, প্রকল্পে দুর্নীতি না হলে এত প্রাণহানি এড়ানো যেত।

এদিকে, আন্দোলন চলাকালে প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন এবং সরকারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেন। তবে শিক্ষার্থীরা দাবি আদায়ে দৃঢ় থেকে আন্দোলন অব্যাহত রাখেন।

নভেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং এর সমর্থনে শিক্ষক, ব্যবসায়ী, সাধারণ মানুষ ও বিচার বিভাগের কর্মকর্তারাও এগিয়ে আসেন।

উল্লেখ্য, রেলস্টেশনের দুর্ঘটনার পর যোগাযোগমন্ত্রী গোরান ভেসিক পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু আন্দোলনকারীদের দাবি ছিল আরও ব্যাপক, যার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটল।