ভারত-পাকিস্তান এলওসি-তে গোলা’গুলি ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলা’গুলির ঘটনা ঘটেছে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) উভয় পক্ষের মধ্যে এই গুলিবিনিময় হয়। ভারতীয় সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।বলা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্টে লক্ষ্য করে গুলি চালায়।

এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলি চালিয়েছে। সূত্রগুলো আরও দাবি করেছে, ভারতের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে এর জবাব দিয়েছে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর কয়েক দিন পর এই গোলাগুলির ঘটনা ঘটল।

এর আগে ইসলামাবাদ ও দিল্লি একে অপরের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাতিল করা হয়েছে সিন্ধু ও সিমলা চুক্তি। ভারত প্রাথমিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার ঘোষণা করে, যার মধ্যে ছিল পাকিস্তানি দক্ষ কর্মী ও কূটনীতিকদের জন্য বিশেষ ভিসা স্থগিত করা।বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার থেকে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা মেডিকেল ভিসাসহ সকল প্রকার ভিসা বাতিল করা হবে। ভারত আরও জানিয়েছে, সংশোধিত সময়সীমার ভিত্তিতে বর্তমানে ভারতে অবস্থান করা পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করতে হবে।ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বলেছেন, এক বিশেষ নিরাপত্তা বৈঠকে নিশ্চিত করা হয়েছে যে হামলার উৎস সীমান্তের ওপারে।ভারত আরও কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে কূটনৈতিক কর্মীদের সংখ্যা কমানো এবং বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু নদীর ঐতিহাসিক জলবন্টন চুক্তি স্থগিত করা। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান বৃহস্পতিবার সকল ভারতীয় মালিকানাধীন বা ভারত-পরিচালিত বিমান সংস্থার জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয় এবং ভারতের সাথে সকল প্রকার বাণিজ্য স্থগিত করে। তৃতীয় কোনো দেশ থেকে ভারতে আসা এবং পাকিস্তান হয়ে ভারতে যাওয়া বিমানের ক্ষেত্রেও এই ব্যবস্থা কার্যকর হবে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নয়াদিল্লি সকল পাকিস্তানি সামরিক কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে দূতাবাসের কাছে একটি নোট হস্তান্তর করেছে।এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উপদেষ্টাদের অবিলম্বে পাকিস্তান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শিখ তীর্থযাত্রী ছাড়া বাকি সকল ভারতীয় নাগরিকের ভিসা বাতিল করে তাদেরও দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে পাকিস্তান।