নিজস্ব প্রতিনিধি:
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বর্বর হামলায় এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৪৯৯ জন নিরস্ত্র ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সোমবার (১১ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে, যার মধ্যে একটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছেন ৩৬২ জন। এর ফলে যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জনে।
হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বহু নিহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন, কিন্তু অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নেওয়ার চেষ্টা করার সময় ইসরাইলি হামলায় ২৯ জন নিহত ও ১২৭ জন আহত হয়েছেন।
এর ফলে চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহের সময় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০৭ জনে এবং আহতের সংখ্যা ১৩ হাজার ২১ জনে পৌঁছেছে।এছাড়া গত ২৪ ঘণ্টায় অনাহার ও পুষ্টিহীনতায় আরও ৫ জন মারা গেছেন, যার মধ্যে একজন শিশু রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২২ জনে, যার মধ্যে ১০১ জনই শিশু।
