সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের মাআরিয়া গ্রামে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন এক প্রতিবাদকারী। আহত ওই ব্যক্তির নাম মাহের আল-হুসেইন। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিক্ষোভে অংশ নেওয়ার সময় আল-হুসেইন পায়ে গুলিবিদ্ধ হন এবং তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভকারীদের নির্দিষ্ট সীমা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি হুমকিপূর্ণ হয়ে উঠলে তারা “নির্ধারিত নিয়ম অনুযায়ী” ব্যবস্থা নেয়। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, বিক্ষোভ চলাকালে তারা একটি হুমকি চিহ্নিত করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, যার ফলে একজন আহত হয়েছেন।
লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, ইসরায়েলি বাহিনী আল-জাজিরা ব্যারাক থেকে সরাসরি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।
গোলান মালভূমির নিয়ন্ত্রণ নিয়ে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলের সাম্প্রতিক সামরিক কার্যক্রম আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে।
অন্যদিকে, সিরিয়ার নতুন সরকার ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত নেবে, তা এখনও স্পষ্ট নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান, হায়াত তাহরির আল-শামের নেতা আহমেদ আল-শারা (যিনি আবু মোহাম্মদ আল-জোলানি নামেও পরিচিত) এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেননি। সরকারের মুখপাত্র ওবাইদ আর্নাউট জানিয়েছেন, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের ধারণা, পুরনো শাসনব্যবস্থার অবসানের পর ইসরায়েলের আগ্রাসন আরও প্রকট হয়ে উঠেছে। তবে সরকারের প্রধান লক্ষ্য দেশকে বহিরাগত হুমকি থেকে সুরক্ষিত রাখা।
