গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণ নিতে গিয়ে নিহত প্রায় ৮০০ ফিলিস্তিনি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

গাজায় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। গত ৬ সপ্তাহে ত্রাণ নিতে অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার তথ্য অনুযায়ী, শনিবার (১২ জুলাই) ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।জাতিসংঘের তথ্যমতে, শুক্রবারও গাজায় ত্রাণ নিতে গিয়ে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হন। সব মিলিয়ে গত ছয় সপ্তাহে অবরুদ্ধ এই উপত্যকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ৮০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এই ক্রমবর্ধমান প্রাণহানির ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী নতুন নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে।বিশ্ব খাদ্য কর্মসূচির উপ-প্রধান জানিয়েছেন যে ইসরায়েলি কর্মকর্তারা গাজায় মানবিক সহায়তা বিতরণে জাতিসংঘের মূল ভূমিকা বজায় রাখতে আগ্রহী। তবে বিতর্কিত মার্কিন সহায়তা গোষ্ঠী জিএইচএফ-এর কার্যক্রম নিয়ে কোনো আলোচনা হয়নি।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৫৭,৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ১,৩৭,৬৫৬ জন আহত হয়েছেন।