সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জনের নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, পূজা শেষ হওয়ার পর প্রতিমা বিসর্জন অবশ্যই সন্ধ্যা ৭টার মধ্যে সম্পন্ন করতে হবে। ঢাকায় এক লাইনে ধারাবাহিকভাবে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা রাখতে হবে।সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ সশস্ত্র বাহিনীও দায়িত্ব পালন করবে। তিনি আরও জানান, এ বছর পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি এবং সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে। তবে দুষ্কৃতিকারীরা কোথাও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।নিরাপত্তায় বিশেষ অ্যাপস ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কোনো ঘটনা ঘটলে এ অ্যাপের মাধ্যমে দ্রুত জানানো যাবে।

এছাড়া পূজামণ্ডপ ঘিরে আয়োজিত মেলায় মাদক সংক্রান্ত কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।তিনি আরও বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তালিকা অনুযায়ী ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যদিও পূর্ণাঙ্গ তালিকা এখনো হাতে আসেনি, তবে ধারণা করা হচ্ছে এবার মোট প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।