পিরোজপুর প্রতিনিধি:
কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ২৯ জন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীর হাত ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
গণসংযোগ পক্ষ উপলক্ষে মাসুদ সাঈদী পিরোজপুর পৌরসভার শহর এলাকা, হুলারহাট, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি ও মরিচাল এলাকায় জামায়াতে ইসলামীর পক্ষে গণসংযোগ করেন।
এ সময় মাসুদ সাঈদীর আহ্বানে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মানুষ তাঁর হাতে জামায়াতে ইসলামীতে যোগদানের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।
জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণকারী হিন্দু ধর্মাবলম্বীরা হলেন সদর উপজেলার কুন্ডু সাহা, বিশ্বজিৎ সাহা, জয় সাহা, সমিরণ দাস, উত্তম কুন্ডু, নিতাই কুন্ডু, অচিন কুন্ডু, সুনীল দাস, বানেশ্বরপুর গ্রামের কৃষ্ণ রায়, কৃষ্ণ কুমার মাঝি,শিকারপুর এলাকার সুকান্ত মিস্ত্রী, কদমতলা এলাকার রতন কুমার শীল; পালপাড়া এলাকার নিতাই মন্ডল, সুকুমার রায়, মনিন্দ্র লাল সাহা এবং রাজারহাট এলাকার জয়দেব মিত্র।

এছাড়াও পিরোজপুরের ইন্দুরকানীতে আরও ১৪ জন হিন্দু ধর্মাবলম্বী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। ফরম পূরণকারীরা হলেন- দক্ষিণ চরনী পত্তাশী গ্রামের গোবিন্দ শিল (৩৫) ও নারায়ন শিল (৬৫), রামচন্দ্রপুর গ্রামের মনিরাম বাবু (৬০), সুসেন মন্ডল (৬৭) ও অবিনাশ মন্ডল (৬০), ১ নং ওয়ার্ডের ধিরেন মিস্ত্রি (৬৫) ও অমর মিস্ত্রি (৬৮), ৫ নং ওয়ার্ডের তপন মিস্ত্রি (৪৫), ৬ নং ওয়ার্ডের শ্যামল হালদার (৪৮) ও শেখর হালদার (৪০), উপজেলার পত্তাশী ইউনিয়নের স্কুল শিক্ষক পলাশ কান্তি মন্ডল (৪৭), ইন্দুরকানী সদর ইউনিয়নের রবিন ডাকুয়া (৩৫), রতন বিশ্বাস (৪২) ও কালাইয়া গ্রামের বিমাল ব্যাপারী (৫০)।



এসময় মাসুদ সাঈদী বিভিন্ন স্থানে গণসংযোগকালে বলেন, আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি। ৫ আগস্টের বিজয় আমাদের পথ দেখিয়েছে। এখন প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্বের। যাদের মাধ্যমে একটি প্রকৃত বৈষম্যহীন কল্যাণময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিজয়কে অর্থবহ করতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি দেশ রেখে যেতে হবে, যেখানে তারা গৌরবের সঙ্গে বলতে পারবে আমরা আমাদের স্বাধীনতা ও বিজয়ের প্রকৃত অর্থ বুঝতে পেরেছি এবং সেটিকে রক্ষা করতে পেরেছি।
