মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে কি বললেন ট্রাম্প ?

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

একসময় বেশ ঘনিষ্ঠ থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্কের সম্পর্ক এখন আর ভালো যাচ্ছে না। এর মধ্যেই ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন।তবে মাস্কের এই উদ্যোগকে মোটেও ভালোভাবে দেখছেন না ট্রাম্প। তিনি বলেছেন, “আমার মনে হয় তৃতীয় কোনো দল গঠন করা হাস্যকর।” রোববার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দ্বিপক্ষীয় রাজনৈতিক ব্যবস্থাই চলে আসছে এবং তৃতীয় কোনো দল শুরু করা কেবল বিভ্রান্তি বাড়াবে।

কয়েক সপ্তাহ ধরে এই ধারণা নিয়ে আলোচনার পর মাস্ক গত সপ্তাহে একটি পোস্টে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক “ইউনিপার্টি”-কে চ্যালেঞ্জ করার জন্য ‘আমেরিকা পার্টি’ প্রতিষ্ঠার ঘোষণা দেন।এর আগে ট্রাম্পের সদ্য পাস হওয়া কর হ্রাস ও ব্যয় বিলের তীব্র সমালোচনা করে মাস্ক বলেছিলেন যে এই বিল আমেরিকাকে দেউলিয়া করে দেবে। বিলটি আইনে পরিণত হওয়ার একদিন পর মাস্ক তার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে লেখেন, “আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য।”তিনি এর আগে এক্স-এ একটি জরিপ চালিয়েছিলেন, যেখানে প্রায় ১২ লাখ ভোটের দুই-তৃতীয়াংশই নতুন দলের পক্ষে মত দিয়েছিল।

একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মাস্ক ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি পরিচালনা করেন, যার লক্ষ্য ছিল সরকারি ব্যয় কমানো। তবে নতুন বাজেট বিল নিয়ে দ্বিমতের জেরে দুজনের সম্পর্ক চরমে পৌঁছায়। মাস্ক সরাসরি হুমকি দেন যে যারা বিলটি সমর্থন করেছেন তাদের নির্বাচনে হারাতে তিনি অর্থ ব্যয় করবেন। এর উত্তরে ট্রাম্পও পাল্টা হুমকি দিয়ে বলেন, মাস্কের টেসলা ও স্পেসএক্স কোম্পানিগুলোকে দেওয়া সরকারি ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে।