৭ দফা দাবি মানলে নির্বাচনে প্রস্তুত জামায়াত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

জামায়াতে ইসলামী জানিয়েছে, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদসহ তাদের সাত দফা দাবি পূরণ হলে তারা যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। দলটি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার (১০ জুলাই) এ কথা জানান।সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা চাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুবায়ের এসব তথ্য দেন।তিনি জানান, আসন্ন মহাসমাবেশে ঢাকা, আশপাশের এলাকা এবং সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী আসবেন।

৫ আগস্টের পর থেকে তাদের কোনো বড় সমাবেশ হয়নি, তাই নেতাকর্মীদের প্রত্যাশা অনেক বেশি। জুবায়ের আরও বলেন, সমাবেশে বিপুল সংখ্যক ছোট-বড় গাড়ি আসবে এবং বিভিন্ন স্থান থেকে মানুষ বাস, ট্রেন, লঞ্চ বা নিজস্ব পরিবহনে আসবেন। এসবের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা ডিএমপিকে অনুরোধ করেছেন এবং পুলিশও নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে।তিনি উল্লেখ করেন, তারা তাদের কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেছেন এবং ভবিষ্যতেও যোগাযোগ বজায় রাখবেন। ডিএমপি এবং জামায়াতের নিজস্ব পরিকল্পনা মিলিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু মহাসমাবেশ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এছাড়াও, ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে এই মহাসমাবেশে আমন্ত্রণ জানানো হবে। ইতোমধ্যে মৌখিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং শীঘ্রই কার্ডের মাধ্যমেও সবাইকে আমন্ত্রণ জানানো হবে। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য নেতা।