রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীতে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি এবং কয়েকটি অন্যান্য দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। এসব কর্মসূচি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে।যেসব দল এ কর্মসূচি পালন করছে তারা হলো—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

দলগুলো কেউ পাঁচ দফা, কেউ ছয় দফা আবার কেউ সাত দফা দাবি তুলেছে। তবে তাদের মূল দাবি প্রায় একই। দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালুর দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

এছাড়া পূর্ববর্তী সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে।প্রতিটি দল আজ আলাদা স্থানে নিজেদের কর্মসূচি পালন করবে। জোহরের নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়তুল মোকাররম মসজিদের উত্তর প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে, যেখানে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এই আয়োজন করছে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।বিকেল সাড়ে চারটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।

সমাবেশে বক্তব্য রাখবেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।আসর নামাজের পর একই মসজিদের উত্তর ফটকে বিক্ষোভ করবে বাংলাদেশ খেলাফত মজলিস, নেতৃত্ব দেবেন মাওলানা মামুনুল হক। একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে খেলাফত মজলিস, যেখানে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই স্থানে একই সময়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনও তাদের কর্মসূচি পালন করবে। বিকেল চারটায় সেখানে নেজামে ইসলাম পার্টিও অংশ নেবে।এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।