নাটোর জেলা প্রতিনিধি.
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির জরুরী সংবাদ সম্মেলনে অন্যান্য প্রার্থীদের সঙ্গে দলের মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাটোর-১,২ ও ৪ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীর্ষ প্রতীকে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করেন। তিনি সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছোট মেয়ে।
এ বিষয়ে ফারজানা শারমিন পুতুল বলেন, ‘আমি উন্নয়নমূলক কাজ দুই ভাগে করতে চাই। প্রথমত, এলাকায় রাজনৈতিক চাপ দিয়ে বিভিন্ন ক্ষেত্রে তদবিরের মাধ্যমে পদায়ন, চাকরিতে নিয়োগবাণিজ্য বন্ধ করে যোগ্যতা সম্পন্ন মানুষের চাকরি নিশ্চিত করব। দ্বিতীয়ত, মাদক ও অবৈধ অস্ত্র ব্যবহার বন্ধ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করব। এছাড়া লালপুরের জন্য খুবই বাজে একটি অভিজ্ঞতা হলো ইমু হ্যাকিংয়ের সাথে জড়িত থাকা। টাকার লোভ দেখিয়ে তরুণদের মধ্যে যাদেরকে ইমু হ্যাকিংয়ে ঠেলে দেওয়া হয়েছে আমি তাদের পুনর্বাসন করব।
নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ১৯৯৬ সাল থেকে ২০০৬ পর্যন্ত তিনি নাটোর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০২ সালে অষ্টম জাতীয় সংসদে নাটোর সদরের প্রথম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী হন। এরপর ভূমি উপমন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি। এরপর তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন। এছাড়াও বিএনপির এ নেতা দীর্ঘদিন নাটোর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
নাটোর -৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আব্দুল আজিজের নাম ঘোষণা করা হয়েছে। আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
এ বিষয়ে আব্দুল আজিজ বলেন, দল যে বিশ্বাসে তার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন, সেই মর্যাদা তিনি রক্ষা করবেন। নাটোর-৪ আসনে নিরঙ্কুশভাবে ধানের শীষকে বিজয়ি করবেন তিনি। বিএনপির দল মনোনীত প্রার্থী হিসেবে তাকে দায়িত্ব দেওয়ায় তিনি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সকল স্তরের মানুষের কাছে ভোট এবং দোয়া প্রত্যাশা করেছেন। নাটোর ৩ আসনের প্রার্থিতা স্থগিত রয়েছে।
